আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ছবি, পোস্ট কিংবা মন্তব্য করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এই নির্দেশনা দেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে সিআইডি প্রধান বলেন, কোনো পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত অভিমত ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, ‘দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিজস্ব খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। কোনো ব্যক্তির কাছ থেকে খাবার বা অন্য কোনো সহযোগিতা গ্রহণ করা যাবে না। নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

ব্রিফিংয়ে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সিআইডির সদস্যদের ইতোমধ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালনেরও তাগিদ দেন সিআইডি প্রধান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পেশাদারত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box