সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে মৃদুল দেওয়ানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মুঠোফোনে মৃদুল দেওয়ান জানান, বিএনপির রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে তারেক রহমানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তাকে এই সংগঠনে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে।

মৃদুল দেওয়ান বলেন, “তারেক রহমানের সঙ্গে সরাসরি আলাপের পর তার রাজনৈতিক চিন্তা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতেই আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছি।”

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের অচলাবস্থা ভেঙে ২০২৫ সালের সেপ্টেম্বরে গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি পদে মৃদুল দেওয়ান বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মাথায় তার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন স্থানীয় ও ছাত্র রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box