দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি (সোমবার) প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।
গণমাধ্যম ও আবাসন খাতের পরিচিত মুখ লিয়াকত আলী খাঁন মুকুল বর্তমানে দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির প্রচার ও প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরে শিল্প ও গণমাধ্যম খাতের উন্নয়নে যুক্ত থাকা এই উদ্যোক্তা বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একজন নির্বাচিত পরিচালক। ব্যবসা ও গণমাধ্যম ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এশিয়ান টেলিভিশনকে আরও আধুনিক ও দর্শকপ্রিয় করার লক্ষ্যে কাজ করবেন বলে পর্ষদ সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন