ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কাইয়ুমের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে শনিবার (৭ ফেব্রুয়ারি) লিভ টু আপিল (আপিল করার অনুমতি) দায়ের করেন তিনি।
নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) অথবা নির্বাচনের আগেই এই আবেদনের ওপর শুনানির চেষ্টা চালানো হবে। আবেদনে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাকে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।
এর আগে এম এ কাইয়ুম ওশেনিয়া মহাদেশের দেশ ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন—এমন তথ্য গোপন করার অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেছিলেন নাহিদ ইসলাম। তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলটি দায়ের করা হয়।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে কাইয়ুমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটের আর মাত্র চারদিন বাকি থাকায় শীর্ষ পর্যায়ের এই আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ সত্য প্রমাণিত হলে শেষ মুহূর্তে কাইয়ুমের প্রার্থিতা ঝুঁকির মুখে পড়তে পারে।

মন্তব্য করুন