ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জোটের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি রাতে দ্রুততম সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে। আরপিও অনুযায়ী যেসব আসনে কারচুপির অভিযোগ রয়েছে, সেখানে ভোট পুনঃগণনার সুযোগ না দিয়ে প্রার্থীদের অধিকার বঞ্চিত করা হয়েছে। এসব বিষয় নিষ্পত্তির লক্ষ্যেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোট।
বৈঠকে আরও জানানো হয়, ৩০টির বেশি আসনে কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে যাবেন জোটের নেতারা। এছাড়া গণভোটে ‘জুলাই সনদ’ অনুমোদিত হওয়ায় সংসদের উচ্চকক্ষে ১০০ আসনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টনের দাবি জানানো হয়। সংসদ কার্যক্রম শুরুর ১৮০ দিনের মধ্যে এই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
নির্বাচন পরবর্তী সহিংসতায় জোটের নারী নেতাকর্মীসহ অনেকের ওপর হামলার নিন্দা জানিয়ে বৈঠকে বলা হয়, এসব সহিংসতা বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে জোট। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত না করে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন