তৃণমূল থেকে উঠে আসা আলোচিত রাজনীতিক মীর শাহে আলমকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হওয়া শাহে আলমের এই নিয়োগকে দলটির তৃণমূল রাজনীতির মূল্যায়ন হিসেবে দেখছেন স্থানীয়রা। তার হাত ধরে দীর্ঘ ৩৫ বছর পর বগুড়া থেকে পূর্ণ মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদ পেলেন কোনো নেতা।

রাজনৈতিক জীবন বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখান মীর শাহে আলম। এরপর ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রতিমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছর বগুড়া উন্নয়ন থেকে অবহেলিত ছিল। দলীয় প্রধানের পরামর্শে বগুড়াসহ দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

বগুড়া জেলা ও শিবগঞ্জ উপজেলা বিএনপি এই নিয়োগকে স্বাগত জানিয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, তৃণমূল থেকে উঠে আসা নেতাকে যোগ্য সম্মান দেওয়ায় আমরা আনন্দিত।

Facebook Comments Box