ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী বক্তব্য।

প্রধানমন্ত্রীর ভাষণটি আজ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশক্রমে প্রধানমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘রুলস অব বিজনেস-১৯৯৬’ অনুযায়ী এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার; আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা এবং সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরের মধ্যে ড. খলিলুর রহমান পররাষ্ট্র, মো. আসাদুজ্জামান আইন, মিজানুর রহমান মিনু ভূমি এবং আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহির উদ্দিন স্বপনকে। ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। শেখ রবিউল আলমকে দেওয়া হয়েছে সড়ক পরিবহন, সেতু ও রেলপথের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো।

প্রতিমন্ত্রীদের মধ্যে জোনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি ও খাদ্য, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং নুরুল হক নুর শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ববি হাজ্জাজ শিক্ষা এবং শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসটি ছিল ব্যস্ততায় ঠাসা। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সচিবালয়ে প্রথম অফিস করেন। বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Facebook Comments Box