জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। ওই বক্তব্যে প্রসিকিউশন জানায়, গণ-আন্দোলনের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে ফোনালাপের পর কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। আসামি সালমান এফ রহমান ও আনিসুল হককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে রয়েছেন।

একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে নয়জন যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানিও আজ রয়েছে।

অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করছে প্রসিকিউশন। তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Facebook Comments Box