পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার (৩ মার্চ)। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
বাংলাদেশ রেলওয়ে শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করছে। রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারছেন। সার্ভারের চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।
আজ ১৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। ফিরতি যাত্রার টিকিট ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিক্রি হবে, যা ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার জন্য প্রযোজ্য।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে।
অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।
অন্যদিকে, দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও আজ থেকে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই কিনতে পারবেন যাত্রীরা।

মন্তব্য করুন