“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সঞ্চয় সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা প্রাঙ্গণ থেকে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন ও সঞ্চয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার। পরে র্যালিটি শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ হতে শুরু করে জেলা সঞ্চয় অফিস (পালং বাজার) পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবিবসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণ, জেলা সমবায় কর্মকর্তা ও কর্মচারীগণ, সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তাগণ ও অত্র অফিসের বিনিয়োগকারীগণ।
বেলা ১১ টায় জেলা সঞ্চয় অফিসে সঞ্চয় সপ্তাহ-২০২০ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শরীয়তপুর জেলা সঞ্চয় অফিসের সঞ্চয় অফিসার সোনিয়া আক্তার এর সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার।
সভাপতির বক্তব্যে সঞ্চয় অফিসার সোনিয়া আক্তার উপস্থিত সকলের মাঝে সঞ্চয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবং বক্তব্য শেষে সঞ্চয় সম্পর্কে উপস্থিত সকলের করা বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
Facebook Comments Box
