শরীয়তপুরে “কৃষিতে আধুনিক প্রযুক্তি, এনে দেয় কৃষকের মুখে হাসি” প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কমবাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম পরাসদ্দি নামক জায়গায় ৫০ একর হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর ‘কমবাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
জেলা প্রশাসক বলেন, সারা বিশে^ ক্লাইমেট চেইঞ্জের কারনে ফসল উৎপাদন কমে গিয়েছে কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত কৃষি উৎপাদন হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি এবং আমাদের প্রকৃত বীর কৃষক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদনে কাজ করে যাচ্ছে, তাদের চেষ্টা ও পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি আমরা ‘ট্রান্সপ্লান্টার’ মেশিন দিয়ে হাইব্রিড বোরো ধানের চারা রোপণ করেছিলাম, তার কয়েক মাস পরেই আজ আবার ‘কমবাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ সূচনা করলাম। সরকারের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহারে ধানের উৎপাদন ব্যয় কমেছে এবং শ্রম ও অর্থের সাশ্রয় হয়েছে। এটি নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগ।
এ সময় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান স্থানীয় ধান চাষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ধান কাটা উৎসবের শুভ সূচনা অনুষ্ঠানের বিশেষ মুহুর্তে স্থানীয় ধান চাষীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ আমির হামজা এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে গত ৩রা ফেব্রুয়ারি ২০২১ একই জমিতে ‘ট্রান্সপ্লান্টার’ মেশিন দিয়ে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নিজ হাতে হাইব্রিড বোরো ধানের চারা রোপণ করেছিলেন এবং ১৮ মে মঙ্গলবার সেই একই জমিতে নিজ হাতে ‘কমবাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ সূচনা করেন।

মন্তব্য করুন