প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক শরীয়তপুরের কৃতি সন্তান রোজিনা ইসলামকে হেনস্থা ও জেলে পাঠানোর প্রতিবাদে শরীয়তপুরে প্রেস ক্লাব ও জেলা মাফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মানববন্ধন, কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসুচিতে জেলার শতাদিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, সংবাদকর্মী রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি শুধু ব্যক্তির উপরই আক্রমণ নয় বরং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সাংবাদিকতা পেশার উপর হামলা।
এ সময় সাংবাদিক নেতারা আরও বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং যথাযথ তদন্ত করে তাকে নির্যাতনে সরাসরি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা শরীয়তপুর জেলা প্রসাশক মো. পারভেজ হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে শরীয়তপুরের সাংবাদিকরা সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতিও পালন করেন।

মন্তব্য করুন