শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস ও চিকন্দি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চিকন্দি চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে চিকন্দি ইউনিয়ন পরিষদ চত্বরে চিকন্দি চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি গঠন ও সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়েছে ১০ অক্টোবর, ২০২৩ খ্রি:। চিকন্দি চৌকি আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান। এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী জজ আদালত জাজিরা এর বিচারক বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ সাইদুল ইসলাম, চিকন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মদবর, চিকন্দি আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি মোঃ হেলাল উদ্দিন আকন্দ , চিকন্দি আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম খান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, পৃথিবীর কোন প্রান্তের একজন মানুষ তার ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হলে তা সারা বিশ্বের আইনের শাসনের প্রতি হুমকি স্বরুপ।দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের বিচার প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। একটি রাষ্ট্রে সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই সেবার বিষয়ে জনগণকে অবগত করতে হলে লিগ্যাল এইডের কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার। এ ক্ষেত্রে চিকন্দি চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি গরীবের ন্যায় বিচার প্রাপ্তিতে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।শরীয়তপুরে বিচারের বাণী নীরবে কাঁদতে দেবো না। সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে আমরা একটি মানবিক মহাসমাজ গঠন করতে পারব। সারা দেশে লিগ্যাল সেবা ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। এ ক্ষেত্রে লিগ্যাল এইডের কার্যক্রম প্রসারে চৌকি আদালতের ভূমিকা অনস্বীকার্য।

এছাড়াও উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং লিগ্যাল এইড অফিস ও চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির গঠন ও কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।

Facebook Comments Box