শরীয়তপুর সদর হাসপাতালের পরিবেশকে দালালমুক্ত রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও পালং মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্কর ও পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।

দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল—একটি চক্র হাসপাতালের রোগীদের হয়রানি করে এবং তাদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে। অভিযোগে আরও উঠে আসে, এই দালালচক্রটি কিছু অসাধু চিকিৎসক ও তাদের সহকারীদের সমর্থনে পরিচালিত হয়। নির্দিষ্ট কিছু ক্লিনিকে পরীক্ষা করানো না হলে চিকিৎসা সেবা দিতেও অনীহা প্রকাশ করতেন সংশ্লিষ্ট চিকিৎসকরা, যার ফলে বিপাকে পড়তেন সাধারণ রোগীরা।

এসব অনিয়মের বিষয়ে পুলিশকে অবহিত করা হলে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে হাসপাতাল চত্বর ও আশপাশে ঘোরাফেরা করা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং দালালচক্রের তৎপরতা ঠেকাতে নেওয়া হয় সতর্কতামূলক পদক্ষেপ।

ওসি হেলাল উদ্দিন জানান, “দালালদের দৌরাত্ম্যে রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। আজকের অভিযানের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি—দালালচক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

পুলিশের এ কার্যক্রমে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা উৎসাহিত হন সরকারি হাসপাতালে নির্ভয়ে চিকিৎসাসেবা নিতে।

Facebook Comments Box