“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে নাস্তার আয়োজন করা হয় পরিবেশ বান্ধব সুপারি পাতার বক্সে ও পলিথিন বিরোধী প্রচারনা হিসেবে আড়াইশত পাটের ব্যাগ গ্রাহক ও দোকানদারদের মধ্যে বিতরণ করা হয়।
দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: ওয়াহিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল নোমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তার বক্তব্যে বলেন, আজকের প্রতিপাদ্যের বিষয়টি অত্যন্ত সুবিবেচিতভাবে নির্ধারণ করা হয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পরিবেশের ফুসফুসখ্যাত খাল, বিল, ডোবা, পুকুর ও নদীসমূহের দূষণের অন্যতম দূষক পলিথিন। পলিথিন আমাদের সকল জলাধারকে ভরাটসহ মারাত্মক দূষণে আক্রান্ত করছে। ফলে যেমন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে তেমনি বিরূপ প্রভাব পড়ছে কৃষিতেও। তাই এখন সময় এসেছে পলিথিনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে বারবার ব্যবহার উপযোগী পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের। এর মাধ্যমে যেমন দূষণ কমে আসবে তেমনি অর্থনৈতিক সাশ্রয়ও হবে।

Facebook Comments Box