শরীয়তপুরের জাজিরায় আলোচিত খবির সরদার ও আলমাছ সরদার হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুর ও শরীয়তপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, র্যাব-১ এবং র্যাব-১২ এর যৌথ টিম অভিযান চালায়। এতে খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন গগন (৬০) ও কামাল সরদার (৩৯) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভোলারটেক এলাকা থেকে ধরা পড়েন। একই রাতে আলমাছ সরদার হত্যা মামলার প্রধান আসামি মো. দানেশ সরদার (৫৯) কে শরীয়তপুরের সখিপুর থানার আলুরবাজার ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৬ আগস্ট রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে পৃথকভাবে ঘটে এই হত্যাকাণ্ড দুটি। খবির সরদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আলমাছ সরদারকে কুপিয়ে পুকুরে ডুবিয়ে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দেওয়া হয়, যা পুলিশ দুই দিন পর উদ্ধার করে। এ ঘটনায় নিহতদের পরিবার পৃথক মামলা দায়ের করে মোট কয়েক ডজন ব্যক্তিকে আসামি করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন