শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর জাজিরা সিডারচর, বাবুরচর, সফিকাজির মোড় ও নড়িয়ার চরাত্রা এলাকায় যৌথ অভিযান চালায় প্রশাসন। অভিযানে ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

অভিযানে চারজন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা হলেন—সান্ডু ঢালী (৩০), হাশেম (৪০), আবুল বাসার (৫০) ও রাজিব (৩০)।

অভিযানে অংশ নেন শরীয়তপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, নড়িয়া ও জাজিরা উপজেলার মৎস্য কর্মকর্তারা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

জব্দকৃত ইলিশ এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা প্রশংসা করেছেন, যা মা ইলিশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box