ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, এবার মা ইলিশ শিকারে অসাধু চক্র শিশুদের ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,“ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।”
বিভাগীয় কমিশনার আরও জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জেলেদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা প্রমুখ।

মন্তব্য করুন