আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট থেকে গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন তিনি। এরপর দিনব্যাপী জাজিরা উপজেলার অন্তত ২০টি স্থানে পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

পথসভায় সাঈদ আহমেদ আসলাম বলেন,
“আমি দায়িত্ব নিতে এসেছি, সুবিধা নিতে নয়। আমার পরিবার ৮৫ বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্যাগ ও সেবার সেই পথেই চলতে চাই।”

তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে যে বিশ্বাস রেখে ধানের শীষের প্রতীক দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চাই। এজন্য নেতাকর্মীদের দলীয় ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।”

নির্বাচিত হলে পালং–জাজিরাকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ এলাকায় রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তার প্রচারণায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এলাকাজুড়ে মিছিল, স্লোগান ও পথসভাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, মোফাজ্জেল ফকির, আব্দুল মান্নান মাদবরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

দিন শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র পরিচালনা ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

Facebook Comments Box