শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার রওনক জাহানকে স্বাগত জানিয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধ, চুরি–ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় যেসব বাধা, ঝুঁকি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেসব বিষয়ও বিস্তারিতভাবে আলোচনা করেন তারা।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে নতুন পুলিশ সুপারের আন্তরিকতা, নেতৃত্ব ও কর্মদক্ষতা জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও সুসংহত করবে এবং পুলিশ–গণমাধ্যম সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

নবাগত পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা তথ্য দিয়ে আমাদের কাজকে আরও শক্তিশালী করেন। আইনশৃঙ্খলা উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত। সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করলে যে কোনো অপরাধ দমন আরও দ্রুত সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “শরীয়তপুরের মানুষকে নিরাপদ রাখতে আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এজন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় সাংবাদিক–পুলিশ সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

Facebook Comments Box