১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাজিরা উপজেলার পদ্মাসেতু নাওডোবা পয়েন্ট থেকে শতাধিক গাড়িবহর নিয়ে র‍্যালীটি শুরু হয়।

র‍্যালীটি ঢাকা-শরীয়তপুর সড়কের প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাত প্রায় ৭টার দিকে শরীয়তপুর জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এসে পৌঁছায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ও শরীয়তপুর–১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এনসিপি রাজপথে থাকবে। শরীয়তপুরের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্বে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি বদ্ধপরিকর। আগামী দিনে শরীয়তপুরকে উন্নয়ন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহবায়ক ইমরান আল নাজির বলেন, শিক্ষার্থী ও তরুণ সমাজ আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। তিনি বলেন, “ছাত্রসমাজ ন্যায়ের পক্ষে আছে এবং গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে।”

এছাড়া জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহবায়ক কাওছার মৃধা বক্তব্যে বলেন, যুবসমাজকে সংগঠিত করেই একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র গঠন সম্ভব। তিনি এনসিপির নেতৃত্বে তরুণদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

র‍্যালী ও সমাবেশে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুবশক্তির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন।

Facebook Comments Box