ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ–ডামুড্যা–গোসাইরহাট) আসন, সংসদীয় আসন নং-২২৩ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মিয়া নুর উদ্দীন অপু মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স কার্যালয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর প্রস্তাবকারী ও সমর্থনকারীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন করা হয়।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলার তিনটি উপজেলা শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত নির্বাচনী আমেজ।

মনোনয়ন দাখিল শেষে প্রতিক্রিয়ায় মিয়া নুর উদ্দীন অপু বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার কারণে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। রক্তাক্তভাবে আহত করার পরও ক্ষান্ত না হয়ে মিথ্যা মামলায় আট বছর কারাবন্দি রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আজ দীর্ঘ ১৮ বছর পর জনগণ গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। তখন অনুন্নত শরীয়তপুর জেলা উন্নয়নের একটি মডেল জেলায় পরিণত হবে।”

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী মাঠে নতুন করে গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box