জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ আবারও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো এ মর্যাদা অর্জন করায় প্রতিষ্ঠানটিকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন শিক্ষার্থী–অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর মূল্যায়নে ঢাকা বিভাগের শীর্ষে স্থান করে নেয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। কো-কারিকুলার কার্যক্রম, একাডেমিক ফলাফল, শিক্ষার মান, পাঠদানের পরিবেশ—এমন মোট ১৬টি সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।
প্রতিষ্ঠানটির আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শৃঙ্খলাবদ্ধ ক্যাম্পাস এবং শিক্ষক–শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবারও শিক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে সেরা হওয়ার মূল কারণ বলে জানা গেছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন,
“এ স্বীকৃতি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি পুরো শরীয়তপুরবাসীর গর্ব। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, প্রতিষ্ঠাতা, গভর্নিং বডি, পরিচালনা পর্ষদ এবং জেলা–উপজেলার শিক্ষা পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও যোগ করেন—
“মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ গুণগত শিক্ষার মাধ্যমে সুশিক্ষিত ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে বদ্ধপরিকর। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি আমাদের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।”
এদিকে ধারাবাহিক এই সাফল্যে শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় শিক্ষা মহলেও প্রতিষ্ঠানটির এই অর্জন নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

Facebook Comments Box