শিশু-কিশোরদের মধ্যে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া এলাকার ছৈয়াল বাড়ী জামে মসজিদে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ঘোষণা করা হয়েছিল—টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে মিলবে সাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার।
ঘোষণার পর থেকেই মসজিদে শিশু-কিশোরদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। নিয়মিত নামাজ আদায়কে কেন্দ্র করে তাদের মধ্যে গড়ে ওঠে এক ধরনের সুস্থ প্রতিযোগিতা।
নির্ধারিত ৪০ দিন শেষ হলে শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলাকার মসজিদের খতিব, ইমাম, কলেজ ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে একজন শিশুকে একটি সাইকেল এবং আরও ৯ জনকে ডিনার সেট ও অন্যান্য উপহার দেওয়া হয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শিশু-কিশোররা। এক পুরস্কারপ্রাপ্ত কিশোর বলেন,
“৪০ দিন জামায়াতে নামাজ পড়ার পর আমরা এই পুরস্কার পেয়েছি। যারা আমাদের উৎসাহ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
মসজিদের সভাপতি দেলোয়ার ছৈয়াল বলেন, “শিশু-কিশোরদের নিয়মিত নামাজে অভ্যস্ত করে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালু থাকবে।”
এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ প্রতিটি গ্রামে নেওয়া হলে শিশু-কিশোররা নামাজে আরও আগ্রহী হবে। একই সঙ্গে সমাজ থেকে কিশোর গ্যাংসহ নানা সামাজিক অপরাধ ধীরে ধীরে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন