আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জেলাটিকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের চরসাতমাটিয়া গ্রামে এক উঠান বৈঠকে তিনি এই রূপকল্প তুলে ধরেন।

মিয়া নুরুদ্দিন অপু বলেন, তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল জেলা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বর্তমানে শরীয়তপুর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে তিনি দাবি করেন।

চরসাতমাটিয়া গ্রামের চৌকিদার বাড়িতে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। দলবদলকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অপু বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথ চলা শুরু হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box