শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সরকারি কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, “এ পর্যন্ত নড়িয়া উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। আজ দুই গ্রুপের এমন ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন