শরীয়তপুর–৩ আসনের নলমুরি ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের প্রকাশ্য সমর্থন ঘোষণা। নলমুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মাস্টার ও সাধারণ সম্পাদক আজাহার সর্দারসহ বিপুলসংখ্যক নেতা–কর্মী বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু ভাই)-কে আসন্ন জাতীয় নির্বাচনে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকেলে নলমুরি বাজারে আয়োজিত এক সমাবেশে তারা এ সমর্থনের কথা জানান। উপস্থিত নেতা–কর্মীরা বলেন, এলাকার উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে অপু ভাইয়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, “আমি সকল শ্রেণি–পেশার মানুষের জন্য কাজ করতে চাই। দলমত নির্বিশেষে নলমুরির উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয়ভাবে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। নির্বাচনের আগে এই সমর্থন ঘোষণাকে শরীয়তপুর–৩ আসনের রাজনীতিতে বড় ধরনের সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box