শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নড়িয়া উপজেলায় নির্বাচনী পরিবেশ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে যৌথ বাহিনীর এক ঝটিকা অভিযান।
নগদ অর্থ, ল্যাপটপ ও বিভিন্ন নথিপত্রসহ এক পোলিং অফিসারকে আটক করার পর তাৎক্ষণিক বিচার শেষে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জলিল মাস্টারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় গোলাম মোস্তফা নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি জপশা ইউনিয়নের শহীদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি জামায়াতের কর্মী।
অভিযানে তার কাছ থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি পেনড্রাইভ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। উদ্ধার করা এসব আলামত বর্তমানে তদন্তের আওতায় রয়েছে।
পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল সাহা সামারি ট্রায়ালের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অর্থ ও নথিপত্রের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন