নদীর মধ্যখানে ট্রলারের ওপরেই চলে অস্থায়ী এই পাটের হাটের কেনাবেচা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে জয়ন্তী নদীর ভাসমান হাটে সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার বসে এ হাট। কিন্তু ভাসমান হাটটি বসে সপ্তাহে শুক্রবারে। ব্যবসায়ীদের ভাষ্য, প্রতি হাটে অন্তত ৭০ থেকে ৮০ লাখ টাকার পাট বেচাকেনা হয়।
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে দাসের জঙ্গল বাজারে গিয়ে দেখা যায়, তিন দিক থেকে আসা জয়ন্তী নদীর মোহনায় পাটভর্তি ৩০ থেকে ৪০টি ভাসমান ট্রলার। বিভিন্ন জেলা থেকে কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা এসব ট্রলার নিয়ে এসেছেন। দরদাম করে কেউ পছন্দের পাট কিনছেন, কেউবা কাঙ্খিত দামে পাট বিক্রি করছেন।
দাসের জঙ্গল বাজারের ব্যবসায়ীদের থেকে জানা গেছে, ঐতিহ্যবাহী এ দাসের জঙ্গলবাজারে তিন দিক থেকে আসা নদীর মোহনায় বসে এই ভাসমান পাটের হাট। বরিশাল, চাঁদপুর ও মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে ট্রলার নিয়ে ব্যবসায়ীরা আসে পাট ক্রয় করতে। প্রতি হাটে দুই থেকে তিন হাজার মণ পাট বিক্রি হয় এই ভাসমান হাটে। এসব পাটের মান, আকার ও রংভেদে প্রতি মণের দাম পড়ে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। সে হিসাবে প্রতি হাটেই বিক্রি হয় প্রায় এক কোটি টাকার বেশি।
হাটুরিয়া থেকে পাট বিক্রি করতে আসা মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি ২০ মণ পাট নিয়ে এসেছি এই ভাসমান হাটে। এখানে প্রতি মণ পাট বিক্রি করেছি দুই হাজার টাকা দরে। বাজারের উপরে পাট নিয়ে গেলে দালাল দের জন্য ন্যায্য দাম পাইনা, কিন্তু এখানে বিক্রি করে পাটের দাম বেশি পাওয়া যায়।
ডামুড্যা উপজেলা থেকে আসা কৃষক চাঁন মিয়া বলেন, একটি ট্রলারে ৩৫ মন পাট নিয়ে আমি এসেছি ভাসমান হাটে। এ হাটে কোনো রকম ঝামেলা ছাড়াই পাট বিক্রি করতে পেরেছি। তবে গত বছরের চেয়ে এ বছর পাটের উৎপাদন ভালো ও খরচ বেশি হওয়ায় লাভটা একটু কম হচ্ছে। আমি আজকে ২ হাজার ৩০০ টাকা দরে ২০ মণ ও ১৯০০ টাকা দরে ১৫ মণ পাট বিক্রি করেছি।
বরিশাল ও চাঁদপুর জেলা থেকে আশা পাট ব্যবসায়ী রাকিব মোল্লা ও ইব্রাহিম বেপারী বলেন, অনেক আগে থেকেই গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে আমরা ট্রলার নিয়ে বিভিন্ন ধরনের মালামাল সংগ্রহ করতে আসি। কিন্তু এ বছর ট্রলার বাজারের ঘাটে নোঙ্গর করলে মোটা অংকের টাকা দেওয়া লাগে ঘাট কর্তৃপক্ষকে, তাই নদীর মধ্যখানে এই ভাসমান হাট বসেছে। এখানে বেচাকেনা করতে বাড়তি কোনো খরচ দিতে হয় না আমাদের এবং কৃষকদের। কৃষকরাও তাদের পাটের ন্যায্য দামটা পাচ্ছে।

মন্তব্য করুন