শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ফসল বন্যপ্রাণী, বিশেষ করে সজারুর আক্রমণ থেকে রক্ষা করতে তিনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে একটি ফাঁদ তৈরি করেন।
শনিবার সকালে, জমিতে প্রবেশের আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম সেখানে যান। এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে শেফালী বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা সাগর আবেগাপ্লুত হয়ে দৈনিক রুদ্রবার্তাকে বলেন,
“আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা আমাদের মাঝে আর নেই। তারা আমাদের জীবনের অমূল্য রত্ন ছিলেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাদের স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তবে তারা কখনোই ফিরে আসবেন না।”
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন দৈনিক রুদ্রবার্তাকে বলেন,
“বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন