শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্থানীয় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে। বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় শনিবার (৩ জানুয়ারি) রাত থেকে রোববার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত একশ ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাসপুর ইউপির বর্তমান সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের গ্রাম। সংঘাত চলাকালে জাবেদ শেখ নামে এক যুবক আহত হয়েছেন। এছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কিছু বসতবাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দাঙ্গাকারীরা পিছু হটে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, আধিপত্যের লড়াই থেকেই এই অস্থিরতার সৃষ্টি। নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন