‘প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত সোমবার ৩ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় রাজনগর শাফিয়া বেগম নূরানিয়া হাফিজিয়া ইসলানিয়া মাদ্রাসার মূল ভবনের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর সংগঠনটির উপদেষ্টা পরিষদ সদস্য এস এম আজিজুল হক কাঠগোলাপ গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় উপদেষ্টা পরিষদ সদস্য মো. সবুজ মাদবর বলেন, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে এসি আমাদের স্থায়ী কোন সমাধান নয়, বরং একমাত্র কার্যকর সমাধান হলো বৃক্ষোরোপণ। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রত্যেককে নূন্যতম একটি করে চারা গাছ রোপণ করতে বলেছেন। আমরা এই সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবো।
সাজেদুল আল মামুন বলেন, বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজায়নের বিকল্প নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন এবং বৃক্ষ নিধনের ব্যাপারে সর্তক করেছেন।
সংগঠনটির সভাপতি রানা আহমেদ বলেন, ইদানিং গাছ কাটা ও পরিবেশ বিপর্যয়ের কারণে পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা পৃথিবীকে বসবাসের যোগ্য করতে চাই তাহলে সবাইকে প্রতিবছর কমপক্ষে একটি করে গাছ রোপণ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ১২ নং পুনাইখাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল গোড়াপি, সংগঠনের আজীবন সদস্য মো. দেলোয়ার মুসল্লী, সহ-সাধারণ সম্পাদক পারভেজ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো. তোফাজ্জল হোসেন, সাগর মন্সী, রাসেল মুন্সী, পারভেজ, রাহাত হোসেনসহ অন্যান্য সদস্যরা।

মন্তব্য করুন