শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়ায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। রয়েছে আইসিইউ, প্যাথলজি, অপারেশন থিয়েটারসহ আধুনিক চিকিৎসা সুবিধা। তবুও আইনি জটিলতার কারণে ১১ মাস ধরে হাসপাতালটি চালু করা যায়নি।

২০১৮ সালের ভয়াবহ পদ্মা ভাঙনে মুলফৎগঞ্জের পুরোনো হাসপাতাল নদীগর্ভে বিলীন হয়। তারপর থেকে সীমিত পরিসরে সরকারি কোয়ার্টারে ২৫ শয্যার একটি ইউনিটে চলছে স্বাস্থ্যসেবা। জায়গার অভাবে অনেক যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, ফলে হাজারো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ—হাসপাতাল নির্মাণ হলেও চালু না হওয়ায় রোগীদের ঢাকাসহ অন্যান্য শহরে চিকিৎসার জন্য যেতে হচ্ছে, এতে খরচ ও কষ্ট দুই-ই বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সবকিছু প্রস্তুত থাকলেও হাইকোর্টে স্থানীয় এক পক্ষের রিটের কারণে কার্যক্রম বন্ধ আছে। আদালতের নির্দেশনা পেলেই দ্রুত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box