শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীর তীর থেকে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নড়িয়া উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়িয়া ভাষা সৈনিক ডা. গোলাম মওলা সেতু সংলগ্ন কীর্তিনাশা নদী তীরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে সরকারী জায়গা দখল করে নির্মিত দোকানপাট, টিনশেড ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়। এতে বিআইডব্লিউটিএ’র অধিগ্রহণকৃত প্রায় ৩ একর জমি দখলমুক্ত করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম খান বলেন,
নড়িয়া কীর্তিনাশা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়। নির্দেশনা না মানায় আজ অভিযান পরিচালনা করে জমি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারী জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা (চাঁদপুর) মোঃ কামরুজ্জামান, নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box