শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে জপসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিটু মাদবর কান্দি গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল মাস্টার এর বাড়ির পিছনে অবস্থিত একটি পরিত্যক্ত ছোট ঘরে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দ শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি নড়িয়া থানা পুলিশকে অবহিত করলে নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়।
তল্লাশি শেষে ওই ছোট ঘর থেকে ৩টি খালি বিদেশি মদের বোতল, কয়েকটি কাচের মার্বেল, ককটেল তৈরির কৌটা, ১টি কাটার প্লাস ও ১টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল তৈরির উদ্দেশ্যেই এসব সরঞ্জাম সেখানে রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন