শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের স্বামী ও ছয় বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছেন।
নিহত পপি রানী পাল (২৮) পরিবারের সদস্যদের নিয়ে নাওডোবা থেকে ফিরছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লাগামী ওই অটোরিকশাটি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলছিল। দক্ষিণ ডুবলদিয়া এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের পাশের বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতের স্বামী কৃষ্ণ পাল ও তাদের শিশু কন্যা পৃথা পাল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন, যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এই ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন