মাদারীপুর, ৬ অক্টোবর ২০২৫: জেলার কালকিনি উপজেলা চত্বরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম প্রায় দুই শতাধিক কর্মী নিয়ে শোডাউন করে উপজেলা চত্বরে প্রবেশ করেন। তিনি শহীদ মিনার মঞ্চে বক্তব্য দিতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন সরকারি স্থাপনায় বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান এবং তাকে কক্ষে নিয়ে যান।

এর কিছুক্ষণ পর অপর মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকরা রেজাউল করিমের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথমে হাতাহাতি, পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে এএসপি চাতক চাকমা ও কালকিনি থানার ওসি সোহেল রানা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে তারা দুজনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থমথমে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box