অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সাবেক এক মন্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় মন্ত্রীর বাড়িতে হামলায় তিনি নিহত হয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

নিহত মন্ত্রীর নাম ইউসেফ সালামা। তিনি পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ধর্ম-বিষয়ক মন্ত্রী ছিলেন। গাজার মধ্যাঞ্চলের আল মাঘাজি শরণার্থী শিবিরে হামলায় তার মৃত্যু হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত সালামা ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দখলকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে আল-আকসা মসজিদের ধর্ম প্রচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

ইসরায়েলি হামলায় সালামার নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৮৬তম দিনে চব্বিশ ঘণ্টায় আরও অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ২১ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি। অবরুদ্ধ উপত্যকার শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box