ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, কিউবার বর্তমান সরকারের পতন এখন সময়ের ব্যাপার। একইসঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার শাসনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (০৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ‘অত্যন্ত অসুস্থ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ তুলে ট্রাম্প বলেন, “তিনি আর বেশিদিন ক্ষমতায় টিকতে পারবেন না।” কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উসকে দিয়ে ট্রাম্প মন্তব্য করেন, “বিষয়টি শুনতে ভালোই লাগছে।”
ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গুস্তাভো পেত্রো। তিনি মার্কিন প্রেসিডেন্টকে মিথ্যা অপবাদ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, লাতিন আমেরিকা ঐক্যবদ্ধ না হলে তাদের ‘দাসের মতো’ ব্যবহার করা হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেত্রো স্মরণ করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্রই ইতিহাসের প্রথম দেশ যারা দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে বোমা বর্ষণ করেছে।
এদিকে কিউবা প্রসঙ্গে ট্রাম্পের পর্যবেক্ষণ হলো, ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় দেশটির অর্থনীতি ও সরকার ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। তাই সেখানে আলাদা করে সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না তিনি। এছাড়া মেক্সিকোকে মাদক পাচার বন্ধে চূড়ান্ত সতর্কবার্তা দিলেও দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের প্রশংসা করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, কারাকাস থেকে মাদুরোকে মার্কিন বাহিনীর ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে ব্রাজিল, চিলি, মেক্সিকো ও স্পেনসহ ছয়টি দেশ। তারা যৌথ বিবৃতিতে এই সামরিক পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক নজির’ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।




মন্তব্য করুন