আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ওই দূতাবাসে দুটি ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, এতে সামান্য অগ্নিকাণ্ড ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, জেদ্দা, রিয়াদ ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপদ স্থানে অবস্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি বহাল রয়েছে। সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান ও দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা রিয়াদ এবং মধ্যাঞ্চলীয় শহর আল খারজের কাছে আটটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এসব ড্রোনের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসও বন্ধের ঘোষণা দিয়ে সব নিয়মিত ও জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রম শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে রোববার সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে মার্কিন বাহিনীর অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন বলে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।

Facebook Comments Box