বিশ্ববাজারে অস্থিরতার জেরে আবারও রেকর্ড ভেঙেছে স্বর্ণের দাম। ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (২১ জানুয়ারি) লেনদেনের এক পর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম আউন্সপ্রতি ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলারে পৌঁছায়, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম একলাফে অনেকটা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো স্বর্ণের দাম এই পর্যায়ে ওঠেনি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ এখন সবচেয়ে ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে বিবেচিত হচ্ছে। চাহিদা হু হু করে বাড়তে থাকায় বুধবার স্পট মার্কেটে দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে থিতু হয়।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা এই সমন্বয় করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও অস্থিরতা চলছে। টানা কয়েক দফায় দাম বাড়ার ফলে মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে সব ধরনের অলংকার। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা না কাটলে স্বর্ণের দাম কমার সম্ভাবনা ক্ষীণ।

মন্তব্য করুন