ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় ধরা পড়েছেন এক বিচিত্র চোর, যার চুরির তালিকায় কেবল পুলিশ সদস্যদের বাড়িই থাকত। ১৫ বছর আগে এক পুলিশ কর্মকর্তার হাতে মারধরের শিকার হয়েছিলেন—এমন ক্ষোভ থেকেই তিনি বেছে নিয়েছিলেন এই প্রতিশোধের পথ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দীপেশ, তার বাড়ি আলিরাজপুর জেলায়। দীর্ঘ দিন ধরে তিনি বিভিন্ন জেলায় পুলিশের বাড়িতে চুরির কাজ চালিয়ে আসছিলেন। গত ২০ জানুয়ারি খান্ডওয়ার পুলিশ লাইনে দুই কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরির তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ওই রাতে দীপেশ কয়েক লাখ টাকার গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছিলেন।
সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে পুলিশ জানতে পারে দীপেশ বুরহানপুরের দিকে পালিয়ে যাচ্ছেন। তাকে ধরতে গেলে তিনি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এবং এতে তার হাত-পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠিয়েছে।
তদন্তে জানা গেছে, দীপেশ চুরির আগে ছদ্মবেশ নিতেন—কখনো ফেরিওয়ালা সেজে পুলিশ লাইনের আশপাশে ঘোরাঘুরি করে পরিস্থিতির ওপর নজর রাখতেন। তার বিরুদ্ধে অন্তত ১৬টি চুরির মামলা রয়েছে। বর্তমানে পুলিশ তার সহযোগী রমেশ ও ভুরালিয়াকে খুঁজছে।

মন্তব্য করুন