ভেদরগঞ্জ উপজেলাবাসী উজ্জীবিত হয়ে উঠেছে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ যোগদানের পর। তার গৃহীত কিছু পদক্ষেপের কারণে বদলে যেতে শুরু করেছে ভেদরগঞ্জ উপজেলার চিত্র। এলাকার উন্নয়নে আশায় বুক বাঁধছে জনগণ। তথ্যানুসন্ধানে দেখা গেছে, তানভীর আল নাসীফ যোগ দিয়েই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের প্রতি তাগিদ দেন। অন্যদিকে এ উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক, এনজিওসহ সকল ক্ষেত্রে দুর্নীতি রোধসহ নিজ নিজ দায়িত্ব সচেতনতার সঙ্গে পালনে কঠোর মনোভাব স্থাপন করেছেন। উপজেলার সকল ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র হতে তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক ও সাধারণ জনগোষ্ঠী যাতে অতি সহজে তথ্য সেবা কেন্দ্র থেকে তথ্য সেবা পেতে পারে এজন্য তিনি শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তৃণমূল এলাকা পরিদর্শণ করেন।
অন্যদিকে বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পড়াশোনা অব্যাহত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন। বিধবা-ভাতার কার্ড বিতরণে অনিয়ম, খাদ্যে ভেজাল অভিযান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে ঝটিকা অভিযান পরিলক্ষিত হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সংবাদিক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ নিয়ে উপজেলায় বিভিন্ন সময় সভা সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক কর্মকান্ড ছাড়াও সকল ভালো কাজের জন্য তিনি নিবেদিত সাধারণ মানুষের সেবা করে চলেছেন।
এছাড়া তিনি জনগণের অভাব-অভিযোগ সরাসরি শ্রবণের মাধ্যমে সেগুলির নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বুধবার গণশুনানির ব্যবস্থা গ্রহণ করে সকল মহলে প্রশংসা পেয়েছেন। নিকটবর্তী নদীর তীরে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় তিনি। কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) লটারির মাধ্যমে সংগ্রহ করা ছিলো তার সফল কাজের মধ্যে অন্যতম একটি। একাধিক স্থান থেকে তার সফল অভিযানে অবৈধ ভেকু উচ্ছেদ করা হয়।
তিনি ২৮ অক্টোবর ২০১৯ নতুন কর্মস্থল হিসেবে ভেদরগঞ্জ উপজেলায় যোগদান করেন। ভেদরগঞ্জ উপজেলায় যোগদানের আগে তিনি সর্বশেষ গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৩ সালে সিলেট ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর পরবর্তীতে পাকুন্দিয়া ও কিশোরগঞ্জে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।
তানভীর আল নাসীফ ঢাকা জেলার কদমতলী থানার গর্বিত সন্তান। পারিবারিক জীবনে তিনি বিবাহিত, এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতায় এখন পর্যন্ত সর্বস্তরের মানুষের মন জয় করতে পেরেছেন। সাবেক ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাব্বির আহমেদ যেভাবে সাধারণ মানুষের সাথে মিশে এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করেছেন তার দেখানো পথেই হাটছেন তিনি। মনে হচ্ছে এ যেন আরেক সাব্বির আহমেদ।



মন্তব্য করুন