প্যাডের উপরিভাগের বাম পাশে ডা. মোহাব্বত আলম নামের উপাধি হিসেবে রেজিষ্ট্রার্ড ফিজিশিয়ান বি.এম.ডি.সি, উ.সা.ক. মেডিকেল অফিসার, ২০ শয্যা হাসপাতাল, সখিপুর, শরীয়তপুর লিখে রাখার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কাজ শুরু করেছেন। আসলে মোহাব্বত আলম একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো)। যার নামের সাথে ডাক্তার উপাধি যায় না। কর্তৃপক্ষ তদন্ত করবে এমন সংবাদ পেয়ে সাকমো মোহাব্বত আলামের প্রতারণা ও অপকর্ম তুলে ধরে এবং অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে ৮ মার্চ সিভিল সার্জন অফিসে আরও একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাল আল মুরাদ এর নির্দেশে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেঘনাদ সাহা সাকমো মোহাব্বত আলমের বিরুদ্ধে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাছুম মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আর্শিনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী পাল প্রিয়াংকা ও চরসেনসাস ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন। গত ৭ মার্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া রয়েছে। তদন্ত কমিটির অনুলিপি সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, সাকমো মোহাব্বত আলম নামের পূর্বে ডাক্তার লিখে বিভিন্ন উপাধি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তাছাড়া সখিপুর থানার তারাবুনিয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন হয় ২০১৫ সালে। সেই থেকেই ওই হাসপাতালে সাকমো পদে যোগদান করেন মোহাব্বত আলম। চলাঞ্চলের সেই হাসপাতালে তৎকালীন সময়ে কোন মেডিকেল অফিসার না থাকায় সাকমো মোহাব্বত আলমই মেডিকেল অফিসার পরিচয়ে ফার্মেসীতে রোগী দেখেন। পরীক্ষা নীরিক্ষা দিয়ে রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতেন। সরকারি চাকুরীর বিধি অনুযায়ী ডিউটি সময়সীমা পর্যন্ত ভুলে গেছেন তিনি। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তার ডিউটি করার কথা থাকলেও তিনি বেলা ১১ টায় হাসপাতালে এসে দুপুর ১ টার মধ্যে চলে যায় বলেও অভিযোগ এই সাকমো মোহাব্বত আলমের বিরুদ্ধে।