শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাতব্বরকে (৫৪) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সালাউদ্দিন ও তার সমর্থকদের অভিযোগ ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদারের নেতৃতে এ হামলা চালানো হয়। এই ঘটনায় ভেদরগঞ্জ থানায় অভিযোগ করেছেন নির্যাতনে শিকার সালাউদ্দিন। আইনী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন ওসি মো. নজরুল ইসলাম। আহত সালাউদ্দিন মাতব্বরকে দেখতে রোববার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
২৮ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার ইকরকান্দি ৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় রাকিয়া বেগম নামে স্থানীয় আরও এক মহিলা আহত হয়। এলাকাবাসী আহত সালাউদ্দিন ও রাকিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ভেদরগঞ্জ থানা, প্রত্যক্ষদর্শী ফরহাদ মাতব্বর, জহিরুল ইসলাম, আবুল কাশেম ও স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাতব্বর উপজেলা আওয়ামী লীগের সদস্য। এলাকার রাজনীতি ও ইউপি নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার ও তাঁর পরিবারের সঙ্গে সালাউদ্দিন মাতব্বরের বিরোধ রয়েছে। গত ইউপি নির্বাচনের পর থেকে সালাউদ্দিন পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। নোভেল কোভিড-১৯ করোনাভাইরাস আতঙ্কে সম্প্রতি তিনি নারায়নপুর গ্রামের বাড়িতে এসেছেন। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ইকরকান্দি খান বাড়ি মসজিদে রওনা দেন। পথিমধ্যে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার, তার ভাই মফিজ তালুকদার, রাজিব তালুকদার, মালেক তালুকদার, মিন্টু বেপারী, অমি তালুকদারসহ ২০ থেকে ৩০ জন দৃর্বুত্তের একটি দল সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাতব্বরের ওপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে সালাউদ্দিনের মাথায় ও পায়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে আসা রাকিয়া বেগম নামে এক নারীও আহত হন।
চিকিৎসাধীন আহত সালাউদ্দিন মাতব্বর বলেন, তিনি নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত ইউপি নির্বাচনে নাজিম উদ্দিন তালুকদারের ভাই নাসির উদ্দিন তালুকদার নির্বাচিত হয়। নির্বাচনী ফলাফল ঘোষণা শোনার পরই বিজয়ী চেয়ারম্যান নাসির উদ্দিন আকস্মিক মৃত্যু হয়। পরে নাজিম উদ্দিন তালুকদারের ভাই সরকারের সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার ক্ষমতা প্রয়োগ করে নাজিম উদ্দিন কে চেয়ারম্যান বানায়। বিগত সময়ে নাজিম উদ্দিন এলাকার মানুষদের অধিকার বঞ্চিত করেছে। সামনে নির্বাচন ঘণিয়ে আসছে। আমার জনপ্রিয়তা দেখে এখন জাজিম উদ্দিনের মাঝে ভয় কাজ করছে। আগামী নির্বাচনে আমি যেন প্রার্থী হতে না পারি সেই জন্যে নির্যাতন চালিয়ে আমাকে এলাকা ছাড়া করতে চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী মাজহারুল, ফরহাদ ও জহিরুল ইসলাম জানায়, শনিবার মাগরিবের ঠিক পূর্ব মূহুর্তে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মটর সাইকেল নিয়ে লোকজন এসে মসজিদের সামনেই সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাতব্বরের ওপর হামলা চালায়। এলাকাবাসী আগাইয়া আসলে হামলাকারীরা দ্রুত চলে যায়। নাজিম উদ্দিন তালুকদারের ভাই কামাল উদ্দিন সরকারের সাবেক সচিব ছিলেন। সেই কারনে তারা প্রশাসনের সহায়তা পায়। তাই সালাউদ্দিন মাতব্বরকে এলাকায় আসতে দেয় না। এই দূর্যোগের সময় সালাউদ্দিন মাতব্বর এলাকায় এসেছে সংবাদ পেয়ে নাজিম উদ্দিন তালুকদার দলবেধে এসে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে সালাউদ্দিনকে আহত করে।
আহত রাকিয়া বেগম বলেন, শনিবার মাগরিবের পূর্বে মসজিদের পাশে শোরগেল শুনে ঘর থেকে বেরিয়ে আসি। তখন সালাউদ্দিন মাতব্বরকে মারধর করতে দেখে আগাইয়া যাই। পেছন থেকে কেউ আমার ঘাড়ের উপর আঘাত করে।
অভিযুক্ত নাজিম উদ্দিন তালুকদারের কাছে বিষয়টি জানতে চাইলে প্রথমে তিনি কথা বলতে রাজি হয় না। পরে তিনি বলেন, ঘটনাস্থলে সাংবাদিক ছিল সেই বিষয়টি ভালো বলতে পারবে। এই বলে তিনি মটর সাইকেল চালিয়ে দ্রুত চলে যান।
ভেদরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যনকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান নাজিমউদ্দিন তালুকদারসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।