দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার ০২ নভেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল ও শিশুখাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ এনার্জিড্রিংক, মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও কোমল পানীয় ইত্যাদি প্রদর্শন, খাদ্যে ক্ষতিকর রঙ ও কেমিকেল ব্যবহার, শিশুখাদ্য তথা আইসিক্রিম তৈরিতে অননুমোদিত ইন্ডাস্ট্রিয়াল কালার, নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট ও অননুমোদিত ফ্লেভারসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শরীয়তপুর জেলা শাখায় সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, ভেদরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  এইচ এম আক্তার হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।