আসামে পিকনিক করতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার ভোর পাঁচটার দিকে দেরগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৪৫ জন যাত্রী নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে পিকনিক করতে যাচ্ছিল বাসটি। রাত ৩টায় যাত্রা শুরু করে বাসটি। গন্তব্যে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সকলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রাকের চালকের বেপরোয়া চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান।