শরীয়তপুরের তিনটি খাবার হোটেলে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে শরীয়তপুর জেলা শহরের এসব খাবারের হোটেলে এ অভিযান চালানো হয়।

খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৪২ ধারায় মেসার্স নবাবী কাচ্চিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় মেসার্স পুরান ঢাকার কাচ্চি অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় মেসার্স রয়াল কিং রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ক্ষতিকর রঙ ও ভেজাল খাবার ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।