সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৩৭৯ কোটি টাকা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকিদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে।

রবিবার (৯ জুন) সকালে শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি তার রয়েছে পরম দরদ ও মমতা। কৃষিকাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবনমানের উন্নয়ন হোক, কৃষক উন্নত সমৃদ্ধ জীবন পাক-এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। সারাদেশে অঞ্চলভেদে ৫০%-৭০% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছেন। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা। আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। কৃষির যান্ত্রিকী কারণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমান বাড়ছে অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমছে। একই সঙ্গে ফসলের অপচয়ও কমছে।

সাবেক উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান। তিনি নিয়মিত হাওড় অঞ্চলের কার্যক্রম মনিটরিং করেন। বাংলাদেশি খাদ্য ও কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা হয়। এমনি আমাদের শরীয়তপুরের কৃষিপণ্য এখন বিদেশে রপ্তানি হয়। এগুলো সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব, দক্ষতা ও যোগ্যতার কারণে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার,
পৌরসভার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলমগীর ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া মনি প্রমূখ।