শরীয়তপুর ইফা’র আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

১৬ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় সদর উপজেলা মডেল মসজিদের হল রুমে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড. আবু তালহা পবিত্র আশুরা ১৪৪৬ হিজরীর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তুলে ধরে বলেন, এই আশুরা নিয়ে অনেক ইতিহাস আছে, যা নিয়ে সন্দেহ আছে। মতভেদ আছে। আপনারা প্রকৃত ইতিহাস জানবেন। এই দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে।

  ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করে প্রতি-হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শোকাবহ দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন। বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আঃ রাজ্জাক সরদার, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হযরত মওলানা কামরুজ্জামান। আলোচনা শেষে দোয়া ও  তবারক বিতরণের করা হয়।